মরা মুরগি বিক্রির দায়ে জরিমানা ১০০০০ টাকা

চাঁদপুরের বাবুরহাট বাজারে মরা মুরগি বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা করছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।

চাঁদপুর শহরের বাবুরহাট বাজারে মরা মুরগি বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে পরিচালিত এই অভিযানে মেসার্স ভূঁইয়া এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে দেখা যায়, দোকানটিতে ১০টি মরা মুরগি কৌশলে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা হচ্ছে। বিষয়টি হাতেনাতে ধরা পড়ার পর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেন। তবে অভিযুক্ত ব্যবসায়ীর দাবি, অসাবধানতাবশত মুরগিগুলো সেখানে রাখা হয়েছিল।

একই অভিযানে আরও কয়েকটি প্রতিষ্ঠানে অনিয়ম ধরা পড়ে। মাংসের চর্বির সঙ্গে রক্ত মিশিয়ে বিক্রির অভিযোগে একটি মাংসের দোকানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বিদেশি কসমেটিকস পণ্যে বাধ্যতামূলক আমদানিকারকের স্টিকার না থাকায় ফাতেমা ফ্যাশনকে তিন হাজার টাকা এবং আঁখি কসমেটিকসকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, ‘ভোক্তাদের স্বার্থ রক্ষায় এবং বাজারে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমাদের নিয়মিত তদারকি চলছে। কোনো ব্যবসায়ী অনিয়ম বা প্রতারণার আশ্রয় নিলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *