ভোরে আলাদা ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

আগামী জুন-জুলাইয়ে মাঠে গড়াবে ‘গ্রেটেস্ট শো অন দ্যা আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপ। এর আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রস্তুতি ম্যাচ খেলছে বিশ্বকাপ নিশ্চিত করা দলগুলো। চলতি মার্চ উইন্ডোই বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচের উইন্ডো।

বিশ্বকাপের আগে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিতে ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামছে ব্রাজিল আর আর্জেন্টিনা। বুধবার (১ এপ্রিল) বাংলাদেশ সময় ভোর সোয়া ৫টায় জাম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। আর ভোর ৬টায় ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।

চলতি উইন্ডোতে এর আগেও একটি করে ম্যাচ খেলেছে দুই দল। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা। ঘরের মাঠে নিচু সারির দলের বিপক্ষে এমন পারফরম্যান্সের পর বেশ সমালোচনার মুখেই পড়েছেন আর্জেন্টিনার ফুটবলাররা।

জাম্বিয়ার বিপক্ষে এই ম্যাচে সেই সমালোচনা দূর করার চ্যালেঞ্জ থাকবে আর্জেন্টিনার ফুটবলারদের জন্য। একই সঙ্গে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা তৈরি নেওয়ার জন্য নিজেদের প্রমাণের মঞ্চও এটি।

অন্যদিকে, চলমান উইন্ডোর প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে ২-১ গোলের ব্যবধানে হেরেছিল ব্রাজিল। যদিও নিজের সেরা দল বাছাইয়ের চেষ্টা করছেন কোচ কার্লো আনচেলত্তি। তবুও ফ্রান্সের বিপক্ষে ব্রাজিলের সেই পারফরম্যান্স ছিল বেশ দৃষ্টিকটূ।

ক্রোয়েশিয়ার সঙ্গে অবশ্য এ ম্যাচে ব্রাজিলের জন্য অপেক্ষা করছে ভিন্ন এক চ্যালেঞ্জ। ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে এই ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে হেরেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল ব্রাজিল। তাই এ ম্যাচে ক্রোয়াটদের হারিয়ে অন্তত দুধের সাধ স্বাদ ঘোলে মেটানোর লক্ষ্য থাকবে ভিনিসিয়াস-মার্কিনিয়াসদের সামনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *