ভোজ্যতেল মজুতের দায়ে লাখ টাকা জরিমানা

কুষ্টিয়ায় অবৈধভাবে ভোজ্যতেল মজুতের অভিযোগে ‘বাবলু পাল স্টোর’ নামে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (৮ এপ্রিল) দুপুরে শহরের বড় বাজার এলাকায় জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই প্রতিষ্ঠানের গুদামে অভিযান চালানো হয়। এ সময় পাঁচ হাজার ৫৭৩ লিটার সয়াবিন তেল অবৈধভাবে মজুদ রাখার প্রমাণ পাওয়া যায়। অবৈধ মজুদের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে সংশ্লিষ্ট ব্যক্তিরা সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। ফলে কৃষি বিপণন আইনে ওই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

প্রতিষ্ঠানটির মালিক বাবলু পাল কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার বাসিন্দা।

এ ব্যাপারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদ মোস্তাফা হাসান বলেন, ৩০ দিনের বেশি ভোজ্যতেল মজুদ রাখা যায় না, অথচ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি গত ডিসেম্বর থেকে এসব তেল মজুদ করে আসছিল।

জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মাসুম আলী বলেন, চলমান বাজার মনিটরিংয়ে ভোজ্যতেলের কোনো প্রকৃত সংকটের প্রমাণ পাওয়া যায়নি। তবে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় তেল মজুত করছে বলে প্রতীয়মাণ হয়েছে। এ ধরনের অনিয়ম বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এর ফলে বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক থাকবে বলে আমরা আশা করছি।

অভিযানের সময় সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *