দেশে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
রবিবার ভোজ্যতেল সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, বৈশ্বিক নানা কারণে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে মানুষের মধ্যে শঙ্কা রয়েছে। এ অবস্থায় সরকার চায় না কোনো পণ্যের দাম বাড়ুক। সে লক্ষ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
মন্ত্রী বলেন, ভোজ্যতেল একটি সংবেদনশীল পণ্য হওয়ায় এর সরবরাহ ও আমদানি পরিস্থিতি নিয়মিত পর্যালোচনা করা হয়। তবে সাম্প্রতিক বৈঠকে দাম বাড়ানোর মতো কোনো সিদ্ধান্ত হয়নি।
বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে দেশের ভোজ্যতেল সরবরাহকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ৯ এপ্রিল ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটি বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে এ প্রস্তাব দেয়।
তবে প্রস্তাবটি যাচাই-বাছাই করে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সঙ্গে পরামর্শ করে দাম না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে, আজ অনুষ্ঠিত দুটি বৈঠকে তেল সরবরাহকারীদের মুনাফা সমন্বয়ের জন্য কিছু বাড়তি সুবিধা দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। তবে কী ধরনের সুবিধা দেওয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এসএন/পিডিকে