ম্যাচের আগে কোচ হাভিয়ের কাবরেরা জানিয়েছিলেন, এটি ছেলেদের শক্তিমত্তা যাচাইয়ের মঞ্চ। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৭৮ ধাপ এগিয়ে ভিয়েতনাম, খেলাও তাদের মাঠে। বাংলাদেশের তাই হারানোর কিছু ছিল না। যা ছিল, শক্তি বাড়ানোর সুযোগ। সেটি হাতছাড়া করেছেন হামজারা, ভিয়েতনামের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ।
ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) বাংলাদেশকে ৩-০ গোলে হারিয়েছে ভিয়েতনাম।
ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের হ্যাং ডে স্টেডিয়ামে বাংলাদেশ কোচ কাবরেরা শুরুর একাদশ সাজান পাঁচ প্রবাসী ফুটবলারকে নিয়ে। কিন্তু, বিধিবাম! প্রথমার্ধেই তিন গোল হজম করে অতিথিরা। বাংলাদেশকে নিয়ে ছেলেখেলা করে ভিয়েতনাম।
অষ্টম মিনিটে প্রথমবার এগিয়ে যায় স্বাগতিক ভিয়েতনাম। সেটপিস থেকে ডিফেন্ডার শুয়ং তিয়েন আইনের কর্নার থেকে শট নেওয়ার চেষ্টা করেন পাম তুন হাই। কিন্তু তিনি বলের নাগাল পাওয়ার আগে বিপদমুক্ত করতে যান জায়ান আহমেদ। তাতে হিতে বিপরীত হয়। উল্টো বিপদ ডেকে আনেন। বাংলাদেশি এই ডিফেন্ডারের পা থেকে বল জড়ায় জালে।
১৮ মিনিটে আরেকটি সেটপিস এবং এবারও গোল। বাংলাদেশ গোলরক্ষক মেহেদি হাসান শ্রাবণকে পরাস্ত করেন দো দুই মাহন। ৩৮ মিনিটে তৃতীয় গোল হজম করে বাংলাদেশ। হাই লং নাম লেখান স্কোরবোর্ডে।
বিরতির পর ফিরে ভিয়েতনাম গোলের চেষ্টা করেছে। কখনও নিজেদের ফিনিশিংয়ের ভুল, কখনও বারপোস্টে দুর্ভাগ্যে ব্যবধান বাড়াতে পারেনি। বাংলাদেশও পারেনি কোনো গোল শোধ করতে। ফলে, আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচের আগে হার দিয়ে প্রস্তুতি সারতে হয়েছে বাংলাদেশকে।