ভারতে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩

ভারতের অন্ধ্রপ্রদেশের মার্কাপুরম জেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ জন যাত্রী জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে একটি বেসরকারি ট্রাভেল বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লরির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর ৬টার দিকে হরিকৃষ্ণা ট্রাভেলসের বাসটি তেলেঙ্গানার নির্মল থেকে অন্ধ্রপ্রদেশের নেল্লোরের দিকে যাচ্ছিল। রায়াবরমের কাছে পৌঁছালে একটি দ্রুতগামী লরির সঙ্গে বাসটির প্রচণ্ড সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই বাসটিতে আগুন ধরে যায়। 

মার্কাপুরমের ডিএসপি নাগরাজু জানান, ঘটনাস্থলেই আট জন দগ্ধ হয়ে মারা যান ও পরবর্তীতে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়ায়।

দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১৮ থেকে ২০ জন আহত যাত্রীকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠায়। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক, ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের পরিবারকে দুই লক্ষ টাকা ও আহতদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু ও উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ এই ঘটনায় শোক জানিয়ে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলেছেন।

এছাড়া তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি ও অন্ধ্রপ্রদেশের তথ্যপ্রযুক্তি মন্ত্রী নারা লোকেশ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *