সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার রোধ এবং চোরাচালান বন্ধে কঠোর অবস্থান নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। এরই অংশ হিসেবে পৃথক অভিযানে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে।
আজ রোববার (৫ এপ্রিল) দুপুরে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন।
এস এম শরিফুল ইসলাম জানান, গতকাল শনিবার বিজিবির একটি বিশেষ টহল দল আখাউড়া উপজেলার দেবগ্রাম ও কুমিল্লার শশীদল এলাকায় পৃথক অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, ওষুধ, কসমেটিকসসহ বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা।
অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম আরও জানান, চলতি মাসের প্রথম চার দিনে ৬০ বিজিবির সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে জ্বালানি তেল ও মাদকসহ প্রায় ৮ কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব মালামাল আখাউড়া কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
এস এম শরিফুল ইসলাম বলেন, সীমান্ত এলাকা দিয়ে কোনোভাবেই জ্বালানি তেল পাচার হতে দেওয়া হবে না। এ বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রতিটি পয়েন্টে নজরদারি কয়েক গুণ জোরদার করা হয়েছে।