ব্যাংকে টাকা তুলতে গিয়ে নিখোঁজ নির্মাতা উৎসব মুখার্জি

টালিউড ইন্ডাস্ট্রিতে যেন একের পর এক দুঃসংবাদ থামছেই না। সাম্প্রতিক সময়ে অভিনেতা রাহুলের মৃত্যু এবং তার রেশ কাটতে না কাটতেই আরেক অভিনেতা প্রণব চট্টোপাধ্যায় মারা যান। সেই শোকের আবহ না কাটতেই এবার সামনে এলো এক রহস্যঘেরা নিখোঁজের ঘটনা—বিশিষ্ট নির্মাতা উৎসব মুখার্জি হঠাৎ করেই উধাও।

গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরের পর থেকে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না ‘যত কাণ্ড কলকাতায়’ সিনেমার গল্পকার উৎসব মুখার্জির। যা এখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নির্মাতার স্ত্রী মৌপিয়া জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর ২টার পর থেকেই কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না তার।

মৌপিয়া জানিয়েছেন, দুপুরে ব্যাংকে গিয়েছিলেন উৎসব। কিন্তু তারপর থেকে খোঁজ নেই তার। তবে আশ্চর্যের বিষয়—ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ থাকা সত্ত্বেও তার স্বামী ফোন বাড়িতে রেখে গিয়েছিলেন। ব্যাংকের ওটিপি আসার কথা থাকায় নিজের ফোন বাড়িতে রেখে যান। সঙ্গে বাড়ির অন্য একটি ফোন নেন। কেন এমন সিদ্ধান্ত, তা এখনো স্পষ্ট নয়।

এ ঘটনায় পুলিশি তদন্তে জানা গেছে, উৎসবের সঙ্গে থাকা ফোনটির সবশেষ লোকেশন ছিল কলকাতার উল্টোডাঙা স্টেশন এলাকা। দুপুর ২টা ২২ মিনিটে শেষবার স্ত্রীর সঙ্গে কথা হয় তার। এরপর থেকেই সুইচড অফ। পরিবারের আশঙ্কা, ট্র্যাফিক জ্যাম এড়ানোর জন্য হয়তো ট্রেনে যেতে চেয়েছিলেন। কিন্তু এরপর কী হয়েছে, তা এখনো রহস্যে ঘেরা।

এদিন বিকালেই নির্মাতার ফেসবুক প্রোফাইলের ডিসপ্লে পিকচার ও কভার ফটো পরিবর্তন করা হয়েছে। তার স্ত্রীর দাবি, এসব নাকি তিনি নিজেই করেছেন, ব্যাংকে যাওয়ার আগে স্বামী তাকে এ নির্দেশ দিয়েছিলেন। আর এ কথা বিশ্বাস করতে পারছেন না অনেকেই। কারও মতে, তার স্ত্রী কি কিছু গোপন করার চেষ্টা করছেন?

মৌপিয়া দাবি করেছেন, কিছুদিন ধরেই সাইবার ক্রাইম সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন উৎসব। এ নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলেন। আনন্দপুর থানায় এরইমধ্যে নিখোঁজ হওয়ার ডায়েরি করা হয়েছে এবং লালবাজারের গোয়েন্দা কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখছেন।

প্রসঙ্গত, উৎসব হচ্ছে টালিউডের এলিট প্যানেলের পরিচালক না হলেও বেশ পরিচিত মুখ। ‘বরুণবাবুর বন্ধু’, ‘ভবিষ্যতের ভূত’র মতো সিনেমার গল্প লিখেছেন। অনীক দত্তর টিমের অবিচ্ছেদ্য অংশ। ‘ক্যাবারে’র মতো ওয়েব সিরিজ পরিচালনাও করেছেন। একাধিক শর্টফিল্ম ও ওয়েব সিরিজ তৈরির সঙ্গেও যুক্ত ছিলেন নির্মাতা উৎসব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *