আইনজীবীদের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচন-২০২৬ এর ভোটগ্রহণ আগামী ১৯ মে অনুষ্ঠিত হবে।
আজ শনিবার (৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল)।
এছাড়া সভায় বার কাউন্সিলের বিভিন্ন কমিটির চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান এ.এস.এম. বখতিয়ার আনোয়ার, লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট আবদুল আল মামুন, রিলিফ কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম, রোল ও পাবলিকেশন কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মাহফুজ আহসানসহ অন্যান্য সদস্যরা অংশ নেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় উপস্থিত সদস্যদের সম্মতিতে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়।
নির্ধারিত তারিখে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বার কাউন্সিলের সচিব (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ কামাল হোসেন শিকদার।
২০২৪ সালের ৫ আগস্টের পর নির্বাচন অনুষ্ঠিত না করে এডহক কমিটি গঠনের মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।