বাড়ি ফেরার পথে সড়কে ঝরল নারীর প্রাণ

ঢাকা থেকে নিজ বাড়িতে ফেরার পথে নেত্রকোনার খালিয়াজুরীতে সড়ক দুর্ঘটনায় জাকি দাস (৪২) নামের এক নারী মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে খালিয়াজুরী উপজেলার লক্ষ্মীপুর গ্রামের নয়াপাড়া সংলগ্ন সড়কের মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত জাকি দাস সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার বাজারকান্দি গ্রামের প্রয়াত নগেন্দ্র দাসের স্ত্রী।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, জাকি দাস ঢাকা থেকে নেত্রকোনা হয়ে সুনামগঞ্জের শাল্লায় নিজ বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে রসুলপুর ফেরিঘাট পার হয়ে তিনি ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে করে খালিয়াজুরী উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। 

পথিমধ্যে লক্ষ্মীপুর গ্রামের সড়কের একটি মোড় অতিক্রম করার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে জাকি দাস ছিটকে সড়কের ওপর পড়ে গিয়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের অনুমতি দেওয়া হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *