বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে উদ্ধৃত করে বাসা-বাড়িতে সন্ধ্যার পর অকারণে লাইট-ফ্যান ব্যবহার না করার নির্দেশনা সংক্রান্ত একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এ খবরকে ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে বিএনপি।
শনিবার (৪ এপ্রিল) রাতে দলটির সহ-দফতর সম্পাদক মো. মুনিরের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
‘বাসাবাড়িতেও সন্ধ্যার পরে অকারণে লাইট, ফ্যান ব্যবহার করা যাবে না, তদারকিতে থাকবে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা’– এমন একটি দাবি ছড়িয়ে পড়েছে। তবে এ দাবি সম্পূর্ণ ভিত্তিহীন উল্লেখ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুচক্রী একটি মহল ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যম ও ইউটিউবে রিজভীর নামে ভুয়া বক্তব্য প্রচার করছে। রুহুল কবির রিজভী এ ধরনের কোনো বক্তব্য দেননি। প্রচারিত তথ্যটি সম্পূর্ণ উদ্ভট, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত।
বিজ্ঞপ্তিতে দেশবাসীসহ বিএনপির নেতাকর্মীদের এ ধরনের মনগড়া বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়। একইসঙ্গে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়।