বাগেরহাটে বাড়িতে ঢুকে কলেজছাত্রকে ধাওয়া, গুলি করে হত্যা

বাগেরহাটের চিতলমারী উপজেলায় বাড়ির ভেতরে প্রবেশ করে আমির হামজা (২৩) নামের এক কলেজ শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার শিবপুর গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আমির হামজা খুলনা সরকারি সুন্দরবন কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং পড়াশোনার পাশাপাশি পপুলার ডায়গনস্টিক সেন্টারে কর্মরত ছিলেন।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল ৪ টার দিকে বাড়ির উঠানে দাঁড়িয়ে বাবা ও চাচার সঙ্গে কথা বলছিলেন আমির হামজা। এ সময় তিনটি মোটরসাইকেলে হেলমেট পরিহিত ছয়জন যুবক বাড়ির ভেতরে প্রবেশ করে নিজেদের ‘পুলিশ’ পরিচয় দিয়ে আমির হামজাকে ধাওয়া করে। প্রাণভয়ে আমির হামজা দৌড়ে পালানোর চেষ্টা করলে বাড়ির পাশের খালের পাড়ে পড়ে যান। সেখানেই সন্ত্রাসীরা তার মাথায় গুলি করে দ্রুত পালিয়ে যায়।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খুনিদের শনাক্ত করতে জেলা পুলিশের পাশাপাশি সিআইডি, পিবিআই এবং জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক দল কাজ শুরু করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *