বাংলাদেশকে নিয়ে নারী এশিয়ান কাপ শুরু রোববার

এএফসি নারী এশিয়ান কাপের ২১তম আসর বসতে চলেছে। আগামীকাল রোববার (১ মার্চ) থেকে অস্ট্রেলিয়ায় শুরু হবে টুর্নামেন্ট। প্রথমবারের মতো এশিয়ান কাপের মূলপর্বে অংশ নিচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। উদ্বোধনী ম্যাচে কাল স্বাগতিক অস্ট্রেলিয়া খেলবে ফিলিপাইনের বিপক্ষে।

১২ দলের টুর্নামেন্টে বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপে। গ্রুপে আফঈদা-ঋতুপর্ণারা খেলবেন চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের বিপক্ষে। শক্ত প্রতিপক্ষ হলেও প্রথমবারেই চমক দেখানোর প্রত্যাশা বাংলার নারীদের। কোচ পিটার বাটলারের অধীনে গত এক বছরে বেশ ধারাবাহিক বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার তিনটি শহরের পাঁচটি ভেন্যুতে ২১ মার্চ পর্যন্ত চলবে এশিয়ান কাপের লড়াই। বাংলাদেশের মিশন শুরু হবে আগামী ৩ মার্চ। সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ একাধিকবার চ্যাম্পিয়ন হওয়া চীন। একই মাঠে দ্বিতীয় ম্যাচে লাল-সবুজের মেয়েরা খেলবে উত্তর কোরিয়ার সঙ্গে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৯ মার্চ পার্থের রেকটেঙ্গুলার স্টেডিয়ামে বাংলাদেশ মোকাবিলা করবে উজবেকিস্তানের।

সাফের গন্ডি পেরিয়ে বাংলাদেশের চোখ এখন এশিয়ার বড় মঞ্চে। সেরাদের সেরা হতে হলে লড়াই করতে হবে পরাশক্তিদের চোখে চোখ রেখে। অভিষেকের অপেক্ষায় থাকা বাংলাদেশ দলের প্রতিটি খেলোয়াড় স্বপ্ন দেখছেন ভালো কিছুর। শিরোপার আশা হয়তো বাতুলতা, কিন্তু নতুন শুরুর দিনে নিজেদের উজাড় করে দিতে দৃঢ়প্রতিজ্ঞ বাঘিনীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *