দিনাজপুরের নবাবগঞ্জে দুই একর ২৪ শতাংশ সংরক্ষিত বনভূমি দখলমুক্ত করে গাছের চারা রোপণ করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে এই উচ্ছেদ অভিযান চালায়। পরে উদ্ধার করা বনভূমিতে বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার কালিরহাট বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান ও মধ্যপাড়া রেঞ্জ কর্মকর্তা মো. আল আমিন।
স্থানীয় বন বিভাগ জানায়, উপজেলার জয়পুর ইউনিয়নের কাতলমারী গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মো. সাদ্দাম হোসেন দীর্ঘদিন ধরে অবৈধভাবে দুই একর ২৪ শতাংশ সংরক্ষিত বনভূমি দখলে রেখেছিলেন। সেখানে তিনি গরুর খামার ও রাইস মিল স্থাপন করেন। এই অভিযোগে বন বিভাগ থেকে তাকে একাধিকবার নোটিশ দেওয়া হয়। কিন্তু তিনি নোটিশের কোনো জবাব দেননি। এমনকি বনবিভাগের জমির দখলও ছাড়েননি। এই অবস্থায় আজ দুপুরে উপজেলা প্রশাসনের সহায়তায় বনবিভাগ এই উচ্ছেদ অভিযান চালায়। সেখানে অবৈধভাবে গড়ে উঠা গরুর খামার ও রাইস মিলের স্থাপনা ভেঙে ও গুঁড়িয়ে দিয়ে সংরক্ষিত বনভূমি উদ্ধার করা হয়।
মধ্যপাড়া রেঞ্জ কর্মকর্তা মো. আল আমিন জানান, উচ্ছেদ অভিযান শেষে উদ্ধার করা জমিতে বিভিন্ন প্রজাতির বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। সংরক্ষিত বনভূমি রক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে আমাদের উদ্ধার অভিযান ও বনায়ণ কার্যক্রম অব্যাহত থাকবে।
উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া বিট কর্মকর্তা মো. রাফিউল ইসলাম, নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ বিট কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ও ভাদুরিয়া বিট কর্মকর্তা এম. এস. নূর, আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সিরাজুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এস এন/এস কে এস