ফের গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা তরিকুল ইসলাম

হত্যা চেষ্টা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রচার সম্পাদক তরিকুল ইসলাম তারেককে পুনরায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার (২৫ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ কাফরুল থানার উপপরিদর্শ (এসআই) মো. রিয়াজুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

নথি থেকে জানা গেছে, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর-১০ এলাকায় আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অতর্কিত হামলা এবং গুলি চালায়। ঘটনার দিন ১৯ জুলাই, মামলার বাদী শাহ আলী প্লাজা এলাকা দিয়ে যাওয়ার সময় অভিযুক্তরা বেআইনিভাবে দলবদ্ধ হয়ে আন্দোলনকারীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার জন্য দৌড়ে পালানোর চেষ্টা করলে বাদীর পেটের ডান পাশে দুটি গুলি লাগে, যা পিঠ দিয়ে বের হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় ভুক্তভোগী বশির উদ্দিন ২০২৪ সালের ১০ অক্টোবর কাফরুল থানায় মামলা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *