শাসনের নানান দপ্তরে দলীয়করণ হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম৷
আজ বুধবার (৪ মার্চ) সিলেটে দলের বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এ অভিযোগ করেন।
বাংলাদেশ ব্যাংক ও দুদকের সাম্প্রতিক নিয়োগের উদাহরণ দিয়ে নাহিদ ইসলাম বলেন, সংসদে গেলে জবাবদিহিতার জায়গা থেকে প্রশ্ন করা হবে।
এ সময় দলীয় নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক।
Advertisement
নাহিদ ইসলাম বলেন, আরেকটি লড়াইয়ের প্রস্তুতি চলছে। এবার আর কোনো ভুল নয়, পরিপূর্ণ শক্তি নিয়ে মাঠে নামতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বক্তব্যে দলটির মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, শহীদ ওসমান হাদী হত্যার বিচার নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধী যত প্রভাবশালী হোক, তাকে শাস্তির আওতায় আনা হবে।
প্রশাসনে দলীয় লোক নিয়োগ আর চাঁদাবাজি করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন পাটোয়ারী।
নিজের বক্তব্যে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সদ্য নিয়োগপ্রাপ্ত ডিজিএফআইয়ের প্রধানের ভারত সফরের সমালোচনা করে বলেন, ফ্যাসিবাদের দোসর ও জুলাইয়ের বিরোধীদের প্রশ্রয় দিলে ফাঁদে পড়বে সরকার।