পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় ভৈরবে কিশোর খুন

কিশোরগঞ্জের ভৈরবে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় ইমান খান (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। গতকাল সোমবার (২৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া গ্রামে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।

নিহত ইমান খান লুন্দিয়া গ্রামের পাগলা বাড়ির ইসা মিয়ার ছেলে। তিনি এলাকায় ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৩ মার্চ) রাতে নিজের বাবার মোবাইল ফোনের জন্য মিনিট কার্ড কিনতে বাড়ি থেকে বের হন ইমান খান। পথিমধ্যে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষ শেখ বাড়ির একদল যুবক তার পথরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে ইমানকে এলোপাতাড়ি আঘাত করে আহত করে ফেলে চলে যায়। পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। অ্যাম্বুলেন্স এনে ঢাকার নেওয়ার আগেই চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। সন্তান হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছেন নিহত ইমন খানের পিতা ইসা খান। একই দাবি জানান এলাকাবাসীও।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উম্মে হাবিবা জুঁই জানান, খুবই গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য আমরা ঢাকায় নেওয়ার পরামর্শ দিই। কিন্তু সেখানে নেওয়ার প্রস্তুতিকালে তার মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণই তার মৃত্যুর কারণ। খবর পেয়ে পুলিশ রাতেই হাসপাতালে থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিব বিন ইসলাম জানান, খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনি প্রক্রিয়া চলবে।

এলাকাবাসী জানায়, গ্রামের ‘পাগলা বাড়ি’ ও ‘শেখ বাড়ির’ মধ্যে গত ৭-৮ বছর ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। পাগলা বাড়ির পক্ষে নেতৃত্ব দিচ্ছেন আব্দুল মজিদ বড় মিয়া ও শহীদ মিয়া এবং শেখ বাড়ির পক্ষে রয়েছেন মাইনু শেখ ও আক্কাছ শেখ। এর আগেও দুই পক্ষের মধ্যে ৪-৫ বার বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেই পুরোনো শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে তাদের ধারণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *