পুলিশের মনোবল শূন্য থেকে ঘুরে দাঁড়াচ্ছে : আইজিপি

পুলিশের মনোবল শূন্য থেকে ঘুরে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার কার্যালয়ের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে আইজিপি এ মন্তব্য করেন।

আইজিপি বলেন, জুলাই বিপ্লবের পর পুলিশের মনোবল শূন্যের কোঠায় ছিল। গুটি কয়েক লোকের ভুল সিদ্ধান্তের কারণে জনগণ থেকে পুলিশ বিচ্ছিন্ন ছিল। আমাদের পুলিশের মূল কাজ হচ্ছে আইনের সুরক্ষা দেওয়া। সেটা থেকে আমরা কিছুটা বিচ্যুত হয়ে গিয়েছিলাম, সেটাকে রিগেইন (পুনরুদ্ধার) করার জন্য বর্তমান পুলিশ বাহিনী গণতান্ত্রিক সরকারের নেতৃত্বে সঠিক এবং সুন্দরভাবে কাজ করছে।

আলী হোসেন ফকির বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা এবং ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করা পুলিশের এক নম্বর এজেন্ডা। আসলে আমাদের দেশের টাকা বিদেশে চলে গেছে। বিনিয়োগ আসতে হলে আইনশৃঙ্খলা রক্ষা করা দরকার। আর সেজন্য মূল ভূমিকা পুলিশের। সেনাবাহিনী, বিজিবিসহ অন্যান্য বাহিনী আছে। তবে মূল ভূমিকা পুলিশের। শান্তিপূর্ণ ও সভ্য সমাজ গঠনে নাগরিকদের আইন মেনে চলার আহ্বানও জানান তিনি।

দেশের বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপট তুলে ধরে আইজিপি বলেন, আমাদের সমাজে প্রচুর শিক্ষিত বেকার রয়েছে। অন্যদিকে দেশের বাইরে টাকা পাচার হয়ে যাওয়ায় ব্যাংকগুলোর অবস্থাও খারাপ। নানা কারণে তরুণরা মাদক ও ছিনতাইয়ের মতো অপরাধে জড়িয়ে পড়ছে। তবে মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির কথা সুস্পষ্টভাবে পুনর্ব্যক্ত করেন তিনি।

এ সময় পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান, আরএমপি কমিশনার ড. জিল্লুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এস এন/এস কে এস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *