জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের নেওয়া সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে পুঁজিবাজারে লেনদেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সূচিতে লেনদেনের সময় আধা ঘণ্টা কমছে। এছাড়া স্টক এক্সচেঞ্জের কর্মঘন্টা পরিবর্তন আসছে।
আগামীকাল রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সময়সূচি অনুসারে লেনদেন ও স্টক এক্সচেঞ্জের কার্যক্রম পরিচালিত হবে। আজ শনিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাঠানো এক সংবাদ বিজ্ঞতিতে লেনদেনের নতুন সময়সূচি জানানো হয়।
ডিএসই সূত্রে জানা গেছে, আগামী রোববার থেকে প্রতিদিন পুঁজিবাজারের লেনদেন সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলবে। বর্তমানে সকাল ১০ টায় লেনদেন শুরু হয়, তা দুপুর ২টা ৩০ পর্যন্ত চলে।
নতুন সূচি অনুসারে, ডিএসইতে সকাল ১০ টা থেকে দুপুর ১ টা ৫৫ মিনিট পর্যন্ত হবে কন্টিনিউস সেশন। আর দুপুর ১ টা ৫৫ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত হবে পোস্ট ক্লোজিং সেশন।
এর আগে গত বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে জ্বালানি সংকট মোকাবিলায় অফিস সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়।