পিরোজপুরের নেছারাবাদে সন্ধ্যা নদীর তীরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান।
পিরোজপুরের নেছারাবাদে সরকারি খাস জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে তিনটি ইটভাটাকে মোট ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার গুয়ারেখা ও সারেংকাঠী ইউনিয়নের সংযোগস্থলের পশ্চিম সারেংকাঠী এলাকায় সন্ধ্যা নদীর তীরবর্তী স্থানে অভিযান চালিয়ে এই দণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত। দণ্ডপ্রাপ্ত ইটভাটাগুলো হলো—আশা ব্রিকস, মর্ডান ব্রিকস এবং ডায়মন্ড ব্রিকস ফিল্ড।
আদালত সূত্রে জানা গেছে, এই ইটভাটাগুলো দীর্ঘদিন ধরে সরকারি খাস জমি থেকে অবৈধভাবে মাটি কেটে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে সেখানে অভিযান চালানো হলে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় তিনটি ইটভাটাকে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অভিযানের সময় ইটভাটার প্রতিনিধিরা ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত হবে না মর্মে লিখিত মুচলেকা প্রদান করেছেন।
অভিযানকালে জব্দ করা চারটি ট্রলার ভর্তি মাটি সুটিয়াকাঠী ইউনিয়নের একটি স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ ভরাটের কাজে ব্যবহারের জন্য পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সরকারি সম্পদ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। অবৈধভাবে মাটি বা বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর।