পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ভালো করছিলেন পারভেজ হোসেন ইমন। সুযোগ পেয়ে বাংলাদেশি এই তারকা ব্যাট হাতে নিজের উপস্থিতি জানান দিয়েছেন। ১৯ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস উপহার দেন নিজের তৃতীয় ম্যাচে। তবে, সেটিই এই আসরে তার শেষ ম্যাচ।
লাহোর কালান্দার্সের হয়ে খেলা ইমন চোটে পড়েছেন। চোটের কারণে পিএসএলের বাকি অংশ থেকে সম্পূর্ণ ছিটকে পড়েছেন তিনি। আজ শনিবার (১১ এপ্রিল) দেশে ফিরে আসার কথা রয়েছে ইমনের।
বিষয়টি নিশ্চিত করে লাহোর কালান্দার্স জানিয়েছে, ইমনকে স্কোয়াড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তার বদলি শিগগিরই ঘোষণা করা হবে। গত ৩ এপ্রিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুলতান সুলতানসের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় সতীর্থ আসিফ আলির সঙ্গে ধাক্কা লাগে ইমনের। এমআরআই রিপোর্টে তার কাঁধের লিগামেন্টে ছেঁড়া ধরা পড়ে।
লাহোরের জার্সিতে তিন ম্যাচে একাদশে সুযোগ পান ইমন। প্রথম দুই ম্যাচে রান পাননি। নিজের তৃতীয় ম্যাচে আলো কেড়ে নেন। ৪৫ রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দেন ভক্তদের। তিন ম্যাচে ১৬১.৩৬ স্ট্রাইক রেটে ৭১ রান করেন বাঁহাতি এই ব্যাটার।