পাহারা দেওয়ার পরও তেল চুরি হচ্ছে : জ্বালানি মন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আক্ষেপ প্রকাশ করে বলেছেন, আমাকে পেট্রল পাম্প এবং পেট্রল ডিপো পাহারা দেওয়া লাগে যাতে চুরি না হয়। তারপরও চুরি হচ্ছে, কারণ মানুষের নৈতিক চরিত্র খারাপ হয়ে গেছে। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকু এসব কথা বলেন।

সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এই সভায় মন্ত্রী বর্তমান জ্বালানি পরিস্থিতি তুলে ধরে বলেন, ‘আমি তেল ঠিকই দিচ্ছি। আগে যে পরিমাণ তেল বিক্রি করতে পেট্রল পাম্পগুলোর এক থেকে দেড় দিন সময় লাগত, এখন সেই তেল দুই ঘণ্টায় শেষ হয়ে যায়। এই তেল আসলে কোথায় যায়? আমাদের পুলিশ সুপার গতকালই মাটির নিচ থেকে চুরি করা তেল উদ্ধার করেছেন।’

জ্বালানি সংকট ও চুরি রোধে বীর মুক্তিযোদ্ধাদের অতন্ত্র প্রহরী হিসেবে মাঠে নামার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘শুধু বুকে অতন্ত্র প্রহরী লিখে রাখলে চলবে না, আপনাদের কাজেও তা প্রমাণ করতে হবে। প্রত্যেক মুক্তিযোদ্ধার দায়িত্ব এখন রাস্তায় নামা। আমরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি, পতাকা ও শাসনতন্ত্র এনেছি; সেই অর্জনকে রক্ষা করতে হবে।’

ধর্মভিত্তিক রাষ্ট্রের কঠোর সমালোচনা করে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আমরা একটি ধর্মভিত্তিক রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। ধর্ম দিয়ে যে রাষ্ট্র হয় না, তার বড় উদাহরণ আজকের পাকিস্তান। পাকিস্তান ধর্ম দিয়ে লড়াই করতে করতে আজ কোথায় গিয়ে ঠেকেছে, তা সবাই জানে। জিয়াউর রহমান সেদিন যদি দিশা না দেখাতেন, তবে হতাশ বাঙালি জাতির পক্ষে এই পতাকা ও মানচিত্র পাওয়া খুব কঠিন হতো।’

জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু এবং বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল। অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *