রাইজিং স্টার নারী এশিয়ান কাপে একের পর এক দাপট দেখিয়ে চলছে বাংলাদেশ। গ্রুপ পর্বের অপরাজিত বাংলাদেশ ‘এ’ নারী দল সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষেও থাকল অদম্য। দারুণ জয়ে জায়গা করে নিয়েছে ফাইনালে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ব্যাংককে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১০ রান করে বাংলাদেশ ‘এ’ নারী দল। জবাব দিতে নেমে ১৬.৪ ওভারে ৫৬ রান তুলতেই গুটিয়ে গেছে পাকিস্তান ‘এ’ নারী দল। বাংলাদেশ বাংলাদেশ জয় পেয়েছে ৫৪ রানের।
রান তাড়ায় নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে পাকিস্তান। ফাহিমা খাতুন-সানজিদা মেঘলাদের স্পিন ঘূর্ণিতে উইকেটে দাঁড়াতে পারেনি কোনো ব্যাটারই। পুরো ইনিংসে মাত্র দুইজন ব্যাটার দুই অঙ্কের রান স্পর্শ করতে পেরেছেন।
ইনিংসের তৃতীয় ওভারে ওপেনার ইমন নাসিরকে ফিরিয়ে শুরু করেন পেসার ফারিহা তৃষ্ণা। সেই শুরু। এরপর স্পিন ভেলকি দেখাতে শুরু করেন ফাহিমা-মেঘলা-ফাতিমারা। এতে মাত্র ৫৬ রানেই গুটিয়ে গেছে পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ১৪ রান করেন শাওয়াল জুলফিকার। দ্বিতীয় সর্বোচ্চ ১১ রান করেন ইউসরা আমিন। বাংলাদেশের হয়ে ৩.৪ ওভারে মাত্র ৬ রানে তিন উইকেট শিকার করেন মেঘলা। ৩ ওভারে ৬ রানে দুই উইকেট নেন ফাহিমা। আর একটি করে উইকেট গেছে তৃষ্ণা, ফারজানা ইয়াসমিন ও ফাতিমা জাহানের ঝুলিতে।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ভালো করতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। টপঅর্ডারের তিন ব্যাটারেই ইনিংস লম্বা করতে পারেননি। দলীয় ১৯ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ১৩ বলে ১৩ রান করে ফিরে যান ওপেনার শামীমা সুলতানা।
আরেক ওপেনার ইশমা তানজীম দেখেশুনে খেলার চেষ্টা করলেও ব্যর্থ হন। ২৩ বলে ১২ রান করেই ফেরেন তিনি। তিন নম্বরে নেমে শারমীন সুলতানাও দলের হাল ধরতে পারেননি। ২০ বলে ১৫ রান করে ফিরেছেন তিনি। বাকিদের ব্যর্থতার ভিড়ে উজ্জ্বল ছিলেন অধিনায়ক ফাহিমা খাতুন। বাকিদের যাওয়া-আসার মিছিলে একপ্রান্ত আগলে রাখেন তিনি। শেষ পর্যন্ত মাঠ ছাড়েন ৩২ বলে ৪৫ রানে অপরাজিত থেকে। তার এই ইনিংসে ভর করেই ১১০ রানের পুঁজি পায় বাংলাদেশ।
আগামী রোববার (২২ ফেব্রুয়ারি) ভারতের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে এসেছে তারা।