নওগাঁর বদলগাছী উপজেলায় একটি পটলের ক্ষেত থেকে ৩২৫ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (২৯ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া উত্তরপাড়া মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব গুলি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই এলাকার আনছার চৌধুরীর জমিতে পটলের জাল দেওয়ার জন্য খুঁটি বসাতে যান বর্গাচাষি জইদুল ইসলাম (৪২)। মাটির প্রায় এক ফুট নিচে শক্ত কিছু অনুভব করায় তিনি কোদাল দিয়ে মাটি খুঁড়লে একটি জরাজীর্ণ কাঠের বাক্স দেখতে পান। বাক্সটি খুলতেই ভেতরে সারি সারি পুরোনো বুলেট দেখে তিনি হতবাক হয়ে যান।
পরে স্থানীয় সাবেক ইউপি সদস্য খোরশেদ আলমের মাধ্যমে বিষয়টি বদলগাছী থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোতাহার হোসেন ও ওসি (তদন্ত) নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ৩২৫ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি উদ্ধার করেন।
বর্গাচাষি জইদুল ইসলাম জানান, তিনি জমিটি বন্ধক নিয়ে চাষাবাদ করছেন। সকালে বাঁশের খুঁটি বসানোর সময় হঠাৎ মাটির নিচে এই প্রাচীন বাক্সের সন্ধান পান। উদ্ধারকৃত গুলির ধরণ ও জরাজীর্ণ অবস্থা দেখে স্থানীয়দের ধারণা, এগুলো অনেক পুরোনো।
বদলগাছী থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম বলেন, উদ্ধারকৃত গুলিগুলোতে মরিচা ধরেছে এবং সেগুলো বেশ পুরোনো। প্রাথমিকভাবে আমাদের ধারণা, এগুলো ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়কার। দীর্ঘ সময় মাটির নিচে থাকায় এগুলোর বর্তমান অবস্থা জরাজীর্ণ।