নীলফামারীতে হামের উপসর্গ নিয়ে ছয় শিশুকে নীলফামারী জেলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে আক্রান্ত শিশুদের হাসপাতালের আইসোলেশন বিভাগে রেখে নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসা দেওয়া হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. দেবাশীষ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিভাবক ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত দুই দিন ধরে ওই শিশুদের তীব্র জ্বর, কাশি ও ডায়রিয়ার পাশাপাশি শরীরে লালচে ফুসকুড়ি বা র্যাশ দেখা দেয়।
শিশু জোবায়েরের মা বাবলি বেগম জানান, প্রথমে সাধারণ জ্বর ও পাতলা পায়খানা মনে হলেও পরে শরীরে র্যাশ দেখে তারা আতঙ্কিত হয়ে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন।
হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. দেবাশীষ সরকার বলেন, প্রাথমিকভাবে শিশুদের শরীরে দেখা দেওয়া লক্ষণগুলো হামের বলে সন্দেহ করা হচ্ছে। তবে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য আক্রান্ত শিশুদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তিনি আরও বলেন,
আক্রান্ত শিশুদের আইসোলেশন বিভাগে রেখে প্রয়োজনীয় সব চিকিৎসা দেওয়া হচ্ছে। পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পরই এটি হাম কিনা নিশ্চিতভাবে বলা যাবে।