নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জের ধরে লিটন (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার (৫ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত লিটন রংপুর জেলার মৃত শহিদুল ইসলামের ছেলে। তিনি সোনারগাঁ পৌরসভার হামছাদী এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন এবং সাইনবোর্ড এলাকার একটি গাড়ির শোরুমে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, লিটনের সঙ্গে স্থানীয় ‘সাকিব গ্রুপ’ নামে একটি কিশোর গ্যাংয়ের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ ছিল। গত শনিবার তাদের মধ্যে ঝগড়া হয়। এর পরদিন রোববার রাতে লিটন রতনপুর এলাকায় গেলে ওৎ পেতে থাকা কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের শ্বশুর আব্দুর রউফ জানান, তার জামাতার সঙ্গে বন্ধুদের কোনো দ্বন্দ্ব থাকতে পারে এবং তারাই এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিববুল্লাহ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমি সংক্রান্ত বিষয় বা পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম ইতোমধ্যে অভিযানে নেমেছে।