নতুন সরকারের কাছে জ্যোতির চাওয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছে জাতীয়বাদী দল (বিএনপি)। দুই তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে এককভাবে সরকার গঠন করেছে তারেক রহমানের নেতৃত্বাধীন দলটি। নতুন সরকারের কাছে অনেকেই অনেক দাবি করছেন। বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও বোধ হয় সেটাই করলেন।আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন জ্যোতি। সেই স্ট্যাটাসে তেমন কিছুরই ইঙ্গিত পাওয়া গেলো।

জ্যোতি লিখেছেন, ‘এতো জায়গা-পদ নিয়ে কাড়াকাড়ি বা মারামারি কেন? জনগণের সেবার জন্য, দেশের কল্যাণের জন্য তো? কিন্তু আদতে আমরা আছি কেমন? আমরা দেশের মানুষ অনেক বোকা, খালি আমাদের বেসিক প্রয়োজনগুলা নিশ্চিত করে দেন আমরা কোনো প্রশ্নই তুলবো না। যেমন: শিক্ষা, চিকিৎসা, সড়ক ব্যবস্থা, দ্রব্যমূল্য হাতের লাগালে রাখা সিম্পল হিসাব!’

দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে জ্যোতি লিখেছেন, ‘একটা ১৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ৫ হাজারেও বেশি রোগী, আছে কিছু সংখ্যক নার্স, হাতে গোনা ডাক্তার। তাইলে কেমনে পাবে চিকিৎসা? মাথা ব্যথা আছে; নাই।’ জাতীয় দলের অধিনায়ক জ্যোতি তুলে ধরেছেন দেশের সড়কের দুরবস্থাও। তিনি লিখেছেন, ‘যে রাস্তা দিয়ে আমরা চলাচল করি (দূর পাল্লার কিছু রাস্তা ছাড়া) মনে হয় সুস্থ সবল মানুষ অসুস্থ্য হয়ে যাবে; বয়স্ক, অসুস্থ্য, গর্ভবতী মা- ওদের যে কি অবস্থা হয় আল্লাহ জানেন। এইটা নিয়ে কথা বলেন না!’

সরকারের কথা উল্লেখ না করলেও জ্যোতি যেন তাদের কাছেই আবদার করলেন এই সমস্যাগুলো সমাধানের। তিনি লিখেছেন, ‘আমরা দেশের মানুষ সত্যিই অনেক বোকা। আমরা সহজে খুশি হয়ে যাই, আমাদের জন্য অনেক অনেক কিছু করা লাগবে না! আমাদের দৈনন্দিন জিনিসগুলা ঠিক করে দেন, বাকি যা করতে মন চায় করেন না, কে প্রশ্ন করতে যায়!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *