নজরুল বিশ্ববিদ্যালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে ১০ ভুল

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রকাশিত একটি জরুরি বিজ্ঞপ্তিতে বিভাগ ও হলের নামসহ মোট ১০টি বানান ও তথ্যগত ভুল পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এই বিজ্ঞপ্তিটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিশ্ববিদ্যালয় অঙ্গনে ব্যাপক সমালোচনা ও প্রশাসনের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন উঠেছে।

প্রকাশিত বিজ্ঞপ্তির মূল অংশেই চারটি স্পষ্ট বানান ভুল ধরা পড়েছে। বিজ্ঞপ্তির দ্বিতীয় ও তৃতীয় লাইনে ‘গুচ্ছভুক্ত’ শব্দের স্থলে ‘গুচ্ছভূক্ত’, ‘শিক্ষাবর্ষের’ স্থলে ‘শিক্ষাবষের্র’, ‘অনুষ্ঠিত’ শব্দের স্থলে ‘অনুষ্ঠিত’ ও ‘লক্ষ্যে’ শব্দের বদলে ‘লক্ষে’ লেখা হয়েছে। বাংলা একাডেমির প্রমিত বানান রীতি অনুযায়ী এই শব্দগুলো ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

ভুলের এই তালিকা থেকে বাদ যাননি খোদ রেজিস্ট্রারও। বিজ্ঞপ্তির নিচে স্বাক্ষরকারী রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমানের পদবিতে ‘ভারপ্রাপ্ত’ শব্দের স্থলে লেখা হয়েছে ‘ভারপাপ্ত’।

বিজ্ঞপ্তির অনুলিপি অংশে ভুলের সংখ্যা আরও বেড়েছে। অনুলিপির ৩ নম্বরে ‘লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা’ ও ‘ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ’ বিভাগের নাম ভুলভাবে উল্লেখ করা হয়েছে। ৫ নম্বরে ‘শিউলিমালা হল’-এর নাম লেখা হয়েছে ‘শিউলিমালা মুজিব হল’। এছাড়া ১৬ ও ১৭ নম্বরে কর্মকর্তাদের পদবিতে ‘ডেপুটি চিফ’ ও ‘পিএস টু ভিসি’-এর পরিবর্তে যথাক্রমে ‘ডেপুটি চিপ’ ও ‘টিএসটু ভিসি’ লেখা হয়েছে। এমনকি একই লাইনে ‘মেডিকেল’ ও ‘মেডিক্যাল’—উভয় বানান ব্যবহারের অসামঞ্জস্যতাও চোখে পড়েছে।

এ বিষয়ে বিজ্ঞপ্তিতে স্বাক্ষরকারী রেজিস্ট্রার দপ্তরের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) মো. আমিনুল ইসলাম জানান, আসন-বিন্যাস কমিটির তাগাদায় দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ করতে গিয়ে সম্ভবত গত বছরের ফরম্যাট ব্যবহার করা হয়েছে। তাড়াহুড়োর কারণে ভুলগুলো নজরে আসেনি উল্লেখ করে তিনি দ্রুত সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশের আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *