দৌলতদিয়ায় বাসডুবি : কুষ্টিয়ার নিজ গ্রামে ৪ জনের দাফন সম্পন্ন

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে যাত্রীবাহী বাস ‘সৌহার্দ্য পরিবহণ’ ডুবে কুষ্টিয়া জেলার চারজন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ নিজ নিজ এলাকায় পৌঁছানোর পর জানাজা শেষে দাফন করা হয়।

নিহতরা হলেন- কুষ্টিয়া পৌরসভার মজমপুর গ্রামের মো. আবু বক্কর সিদ্দিকের স্ত্রী মর্জিনা খাতুন (৫৬), খোকসা উপজেলার খাগড়বাড়িয়ার হিমাংশু বিশ্বাসের ছেলে রাজীব বিশ্বাস (২৮), একই উপজেলার ধুশুন্ডু গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে শিশু ইস্রাফিল (৩) ও সমসপুর গ্রামের গিয়াসউদ্দিন রিপনের মেয়ে আয়েশা সিদ্দিকা (১৩)।

পারিবারিক সূত্র জানায়, নিহত মর্জিনা খাতুনের মরদেহ রাতেই কুষ্টিয়ায় পৌঁছায়। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সদরের জুগিয়া গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। 

অন্যদিকে, খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, নিহত শিশু ইস্রাফিল ও আয়েশার দাফনও সম্পন্ন হয়েছে এবং রাজীব বিশ্বাসের শেষকৃত্যের প্রক্রিয়া চলছে।

জানা গেছে, গতকাল বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘সৌহার্দ্য পরিবহণ’ বাসটি দৌলতদিয়া ঘাটের পন্টুনে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। বাসটি কুষ্টিয়ার কুমারখালী ও খোকসা এলাকা থেকে যাত্রী নিয়ে আসছিল। দুর্ঘটনার সময় বাসটিতে আনুমানিক ৪০ থেকে ৪৫ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *