নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরে একটি দোকানের গোডাউন থেকে যুবরাজ (২৩) নামে এক দোকান কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (৪ এপ্রিল) বিকেল পৌনে ৫টার দিকে পৌর শহরের স্টুডিও পট্টি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবরাজ মোহনগঞ্জ বাজারের কাচারী রোডের মনোহারি ব্যবসায়ী সুফল পালের দোকানে দীর্ঘদিন ধরে কর্মচারী হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলের দিকে সবার অজান্তে দোকান মালিকের গোডাউনের ভেতরে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন যুবরাজ। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।