দিনাজপুরর ঘোড়াঘাট উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন যাত্রী। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
আজ শনিবার (১১ এপ্রিল) সকালে ঘোড়াঘাট উপজেলার দামোদারপুর শৌলা ও সোনামুখী বাজারের মাঝামাঝি এলাকায় দিনাজপুর–গোবিন্দগঞ্জ মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— বীরগঞ্জ উপজেলার চাকাই গ্রামের সাহাব উদ্দিনের ছেলে মাইক্রোবাসের চালক নাসিম (৩৫) এবং বীরগঞ্জ পৌরসভার দত্ত মার্কেটের শাহীন গার্মেন্টসের স্বত্বাধিকারী আনোয়ার হোসেন (৫০) ও সবুজ (৫২)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ভাড়ায় চালিত একটি মাইক্রোবাস ১০ জন যাত্রী নিয়ে ময়মনসিংহ থেকে দিনাজপুরের উদ্দেশে যাত্রা করেছিল। পথে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী শশা বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মাইক্রোটি মুহূর্তেই দুমড়েমুচড়ে যায়। অপরদিকে, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। মাইক্রোবাসের ভেতর থেকে চালক নাসিমসহ ১০ জন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। আহতদের প্রথমে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চালক নাসিমকে মৃত ঘোষণা করেন। পরে আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার ও সবুজের মৃত্যু হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনায় মাইক্রোবাসের চালক ঘটনাস্থলেই নিহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান। নিহতদের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।