দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে অপর একটি ট্রাকের ধাক্কায় ইসমাইল হোসেন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় চালকসহ আরও দুজন আহত হয়েছেন।

আজ রোববার (৮ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে রাজৈরের আলমদস্তার শিকদারবাড়ি জামে মসজিদ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল ওই ট্রাকটির চালকের ছেলে এবং নিজেও হেলপার হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালী থেকে আসা লাকড়ি বোঝাই একটি ট্রাকের চাকা খুলে যাওয়ায় সেটি মহাসড়কের পাশে অবস্থান নেয়। এ সময় পেছন থেকে আসা অপর একটি বেপরোয়া গতির ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দাঁড়িয়ে থাকা ট্রাকের চালকের ছেলে ইসমাইল হোসেন প্রাণ হারান।

দুর্ঘটনায় নিহতের বাবা ও ট্রাক চালক রাসেল হোসেন গুরুত্বর আহত হন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। নিহত ও আহত চালকের বাড়ি নোয়াখালী জেলার চর জব্বার থানার সুবর্ণচর এলাকায়। এছাড়া অপর ট্রাকের চালক মো. সোহেল কবিরও (৩৭) এই ঘটনায় আহত হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আমিনুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *