তেল মজুত রেখে ‘সংকট’ তৈরির চেষ্টা, ফিলিং স্টেশনকে জরিমানা

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাজিরহাট এলাকায় জ্বালানি তেল মজুত রেখে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে ‘মেসার্স লতিফ অ্যান্ড ব্রাদার্স’ নামক একটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে প্রশাসন। গতকাল শনিবার (২৮ মার্চ) রাত ১০টার দিকে উপজেলা প্রশাসন এই ঝটিকা অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।

প্রশাসন সূত্রে জানা যায়, পাম্পটিতে পর্যাপ্ত তেল থাকা সত্ত্বেও গ্রাহকদের কাছে তা বিক্রি না করে অবৈধভাবে মজুত রাখা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে গিয়ে মজুতের সত্যতা পাওয়ার পর পাম্প কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে গ্রাহকদের মাঝে তেল সরবরাহ করতে বাধ্য করা হয়।

উপজেলা সহকারী কমিশনার শাহেদ আরমান বলেন, ভোক্তা অধিকার ক্ষুণ্ণ করে অবৈধভাবে তেল মজুত রাখার অপরাধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ওই পেট্রোল পাম্প মালিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *