জুরাইনে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রাজধানীর জুরাইনের বাগিচা ১ নম্বর গেট এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দিনগত রাত পৌনে ১টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হৃদয়কে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. আজগর গণমাধ্যমকে বলেন, গতরাতে জুরাইনের বাসা থেকে বের হয়ে বাগিচা ১ নম্বর রোডে একটি বিদ্যুতের খুঁটির পাশে দাঁড়িয়ে ছিলেন হৃদয়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলেও হৃদয়কে আর বাঁচানো সম্ভব হয়নি।

নিহত হৃদয়ের বাড়ি চাঁদপুরের হাইমচরের চরভাঙ্গা গ্রামে। তার বাবার নাম আমানুল্লাহ জমাদার। বর্তমানে তিনি কদমতলীর জুরাইন এলাকায় বসবাস করতেন। তিনি পেশায় শ্রমিকের কাজ করতেন বলে জানিয়েছেন স্বজনরা।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *