জামালপুরে ঈদে ঘুরতে গিয়ে ৪ শিশুর মৃত্যু

জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে ভাসমান সেতুতে ঈদে ঘুরতে আসা মানুষের প্রচুর চাপে সেতু উল্টে সহোদর ভাই-বোনসহ চারজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২১ মার্চ) বিকেলে দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে এ ঘটনা ঘটে।

নিহত শিশু-কিশোররা হলো দেওয়ানগঞ্জ উপজেলার ঝালুরচর এলাকার শের আলীর মেয়ে খাদিজা (১২) ও ছেলে আব্দুল মোতালেব (৬), ডাকাতিয়াপাড়া এলাকার জয়নাল মিয়ার মেয়ে মায়ামনি (১০) ও বেলতৈল এলাকার হাবিবুল্লাহর ছেলে আবির (১৪)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে ব্রহ্মপুত্র নদের ওপর ড্রাম দিয়ে তৈরি ভাসমান সেতু দিয়ে অপর প্রান্তের চরে যাতায়াত ও বিনোদনের ব্যবস্থা করে পৌর কর্তৃপক্ষ। আজ ঈদের দিন হওয়ায় ঘুরতে আসা মানুষের প্রচণ্ড ভিড় জমে ভাসমান সেতুর ওপর। বিকেলে মানুষের প্রচণ্ড চাপে ভাসমান সেতুটি উল্টে মাঝখান ভেঙে  মানুষজন পানিতে পড়ে যায়। এ সময় বেশিরভাগ মানুষ সাঁতরে পাড়ে উঠে আসতে পারলেও বেশ কয়েক শিশু পানিতে তলিয়ে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান চালিয়ে পাঁচজনকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক খাদিজা, আব্দুল মোতালেব, মায়ামণি ও আবিরকে মৃত ঘোষণা করেন।
দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান হাবিব জানান, পাঁচ শিশুকে হাসপাতালে আনা হলে চারজনকে মৃত ঘোষণা করা হয়। আহত এক শিশুকে চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন জামালপুর-১ আসনের সংসদ সদস্য বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। রাত আটটা পর্যন্ত উদ্ধার অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *