জাতীয় সংসদে বিশেষ কমিটির মুলতবি বৈঠক অনুষ্ঠিত

জাতীয় সংসদ কর্তৃক গঠিত বিশেষ কমিটির প্রথম বৈঠকের মুলতবি বৈঠক আজ বুধবার (২৫ মার্চ) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে অন্তর্বর্তী সরকার কর্তৃক গত দুই বছরে জারি করা শতাধিক অধ্যাদেশের প্রয়োজনীয়তা ও যথার্থতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানসহ সরকারের একাধিক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা অংশ নেন।

আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন সংক্রান্ত একাধিক অধ্যাদেশ। এ ছাড়া সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, সাইবার সুরক্ষা, তথ্য অধিকার এবং ব্যক্তিগত উপাত্ত সুরক্ষার মতো সংবেদনশীল আইনগুলো নিয়েও পর্যালোচিত হয়। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও জেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষসহ বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষের আইনগত সংস্কারের প্রস্তাবগুলো বৈঠকে গুরুত্ব পায়।

আর্থিক খাতের শৃঙ্খলা ফেরাতে বাংলাদেশ ব্যাংক (সংশোধন) অধ্যাদেশ, ব্যাংক রেজল্যুশন, আমানত সুরক্ষা এবং আয়কর ও কাস্টমস সংশোধন সংক্রান্ত অধ্যাদেশগুলো নিয়েও দীর্ঘ আলোচনা হয়েছে। এ ছাড়া নির্বাচন কমিশন সচিবালয়, নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ এবং ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত অধ্যাদেশগুলোর ওপর বিশেষ জোর দেওয়া হয়। কমিটি এই সামগ্রিক পরীক্ষা-নিরীক্ষা শেষে একটি সমন্বিত রিপোর্ট দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদের অধিবেশনে পেশ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। বৈঠকে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলাসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *