জর্ডানে ২৪ ঘণ্টায় তিন ক্ষেপণাস্ত্রের আঘাত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে গত ২৪ ঘণ্টায় জর্ডানের ভূখণ্ডে তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

স্থানীয় সময় শুক্রবার (২৭ মার্চ) জর্ডানের সেনাবাহিনীর বরাতে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেট্রা জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করে। তবে একটি ক্ষেপণাস্ত্র দেশটির পূর্বাঞ্চলে গিয়ে পড়ে। এ সময় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ও অন্যান্য উড়ন্ত বস্তুর পতনসংক্রান্ত আরও চারটি ঘটনাও মোকাবিলা করে সংশ্লিষ্ট দলগুলো। খবর আনাদোলুর। 

পাবলিক সিকিউরিটি ডিরেক্টরেটের এক মুখপাত্র জানিয়েছেন, এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কিছু স্থানে সামান্য অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েই চলেছে। এতে এখন পর্যন্ত এক হাজার ৩৪০ জনের বেশি নিহত হয়েছেন, যার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও রয়েছেন।

এর জবাবে ইরান ইসরায়েল ছাড়াও জর্ডান, ইরাক এবং উপসাগরীয় বিভিন্ন দেশের মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। এতে প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি বৈশ্বিক বাজার ও বিমান চলাচলেও প্রভাব পড়ছে।

এস এন/এস কে এস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *