প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্নের গণতন্ত্র প্রতিষ্ঠায় ঢাকা-১৩ আসনে প্রতি মাসে টাউন হল সভা চালু থাকবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আজ শনিবার (১১ এপ্রিল) সকালে মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে ঢাকা-১৩ আসনের ৩১, ৩৩ ও ৩৪ নং ওয়ার্ডের বাসিন্দা এবং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত উন্মুক্ত টাউন হল সভায় তিনি এ কথা বলেন।
বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত এই টাউন হল সভায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ নিজ নির্বাচনি এলাকার বাসিন্দাদের সরাসরি সমস্যার কথা শোনেন। একই সঙ্গে সভায় উপস্থিত ডিএনসিসি, ডিএমপি, তিতাস, ওয়াসা, ফায়ার সার্ভিস ও ডিপিডিসি-এর কর্মকর্তাদের সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সঠিক ও সত্যিকার গণতন্ত্রের যে স্বপ্ন দেখিয়েছিলেন, তা আমরা এ দেশের মাটিতে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। সঠিক গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে এলাকাবাসীকে নিয়ে এই টাউন হল সভা প্রতি মাসে চালু রাখা হবে। নির্বাচনের আগে আমি ঘোষণা করেছিলাম প্রতি মাসে উন্মুক্ত সভা করব। রোজার মাস হওয়ায় গত মাসে সম্ভব হয়নি, তাই এই মাস থেকে শুরু হলো।’
গণতন্ত্রের চর্চা সম্পর্কে ববি হাজ্জাজ আরও বলেন, ‘গণতন্ত্রের ইতিহাসে দেখবেন সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠা শুরু হয় এলাকা ও মহল্লায় টাউন হল সভার মাধ্যমে। এলাকাবাসী, জনপ্রতিনিধি ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে যেন উন্মুক্ত আলোচনা হয়—সেটিই এই সভার লক্ষ্য।’
এলাকার আইন-শৃঙ্খলা ও সেবার মানোন্নয়নে এলাকাবাসীর সহযোগিতা চেয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘বিপুল জনসংখ্যার তুলনায় সরকারি প্রতিষ্ঠানে লোকবল কম। তাই পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা ঢাকা-১৩ আসনকে একটি মডেল এলাকায় পরিণত করতে চাই।’
অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনায় এলাকাবাসী চুরি, ছিনতাই, মাদক, কিশোর গ্যাং, জলাবদ্ধতা, লোডশেডিং এবং ফুটপাত দখলের মতো বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানার সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. ছাদেকুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।