নেত্রকোনা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের হাটখলা বাজারে এক ব্যবসায়ীর গোডাউনে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা প্রায় চার হাজার ৩০০ লিটার ডিজেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে ডিজেল মজুতের দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ সোমবার (৬ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে নেত্রকোনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে হাটখলা বাজারের ‘মেসার্স রাকিবা জাহান ইভা ট্রেডার্স’ নামক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নেত্রকোনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান আসিফ। এ সময় পুলিশ বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
এতে আরও বলা হয়, ‘মেসার্স রাকিবা জাহান ইভা ট্রেডার্সে’ অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত করে রাখা হয়েছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে প্রতিষ্ঠানটির গোডাউনে তল্লাশি চালিয়ে একাধিক ড্রামে মজুত রাখা আনুমানিক চার হাজার ৩০০ লিটার ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত ডিজেলের আনুমানিক বাজারমূল্য চার লাখ ২৫ হাজার টাকা। পরে জব্দকৃত সম্পূর্ণ ডিজেল সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়। একই সঙ্গে অবৈধভাবে জ্বালানি তেল মজুত রাখার অপরাধে ওই প্রতিষ্ঠানের মালিককে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধ এবং অবৈধ মজুতদারদের বিরুদ্ধে জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।