গুজরাটকে দুইশ ছাড়ানো লক্ষ্য দিল রাজস্থান

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম বরাবরই রানের স্বর্গরাজ্য। সেখানে কোনো ভুল করলেন না রাজস্থান রয়্যালসের ব্যাটাররা। দলকে দারুণ শুরু এনে দিলেন যশস্বী জয়সওয়াল ও বৈভব সূর্যবংশী। তিন নম্বরে ঝড় তুললেন ধ্রুব জুরেল। এতে গুজরাট টাইটান্সকে দুইশ ছাড়ানো লক্ষ্য দিয়েছে রাজস্থান।

আজ শনিবার (৪ এপ্রিল) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১০ রান তুলেছে রাজস্থান রয়্যালস।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার যশস্বী জয়সওয়াল আর বৈভব সূর্যবংশী। উদ্ভোধনী জুটিতে পাওয়ার-প্লের ৬ ওভারেই তুলেন ৬৯ রান।

পাওয়ার-প্লের পরের ওভারে সূর্যবংশী ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি। ১৮ বলে ৩১ রান করেন তিনি। সূর্যবংশী ফিরলেও উইকেটে আরও ৬ ওভার কাটিয়ে দেন জয়সওয়াল। ব্যক্তিগত হাফসেঞ্চুরি তুলে নিয়ে ফেরেন তিনি। রাবাদার বলে বোল্ড হওয়ার আগে করেন ৩৬ বলে ৫৫ রান।

তিন নম্বরে নেমে রীতিমতো ঝড় তোলেন ধ্রুব জুরেল। গুজরাট টাইটান্সের বোলারদের তুলোধুনো করে হাফসেঞ্চুরি তুলে নেন তিনি। সেঞ্চুরির দিকেই ছুটছিলেন জুরেল। তবে ফিরতে হয়েছে আগেই। ৪২ বলে ৭৫ রান করে মোহাম্মদ সিরাজের বলে উইকেটের পেছনে বাটলারের হাতে ক্যাচ দেন জুরেল।

পাঁচ নম্বরে নেমে ঝড় তোলার আভাস দিয়েছিলেন শিমরন হেটমায়ারও। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ২ ছক্কা আর এক চারে ৮ বলে ১৮ রান করেন তিনি।

গুজরাটের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেন কাগিসো রাবাদা। একটি করে উইকেট নেন  মোহাম্মদ সিরাজ, অশোক শর্মা, প্রাসিধ কৃষ্ণা ও রশিদ খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *