ক্লাস চলাকালীন ছাদ ধসে ৩ ছাত্রী আহত

লক্ষ্মীপুরের রায়পুর জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পাঠদান চলাকালীন শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা ও ভিম ভেঙে পড়েছে। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে ষষ্ঠ শ্রেণির ক্লাসে এই দুর্ঘটনা ঘটে। এতে তিনজন শিক্ষার্থী আহত হয়েছে এবং পুরো বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আহত শিক্ষার্থীরা হলো—ঋতু বণিক, নাদিয়া আক্তার ও সামিয়া আক্তার। দুর্ঘটনার পরপরই তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, ক্লাস চলাকালীন হঠাৎ বিকট শব্দে ছাদের ভিমের একটি অংশ ও পলেস্তারা খসে পড়ে। প্রাণ বাঁচাতে শিক্ষার্থীরা হুড়োহুড়ি করে শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে আসে। বিদ্যালয়ের সিসি ক্যামেরার ফুটেজেও ছাদ ধসে পড়া এবং শিক্ষার্থীদের আতঙ্কে ছোটাছুটির দৃশ্য দেখা গেছে। শিক্ষার্থীদের অভিযোগ, ভবনটি দীর্ঘ দিন ধরেই ঝুঁকিপূর্ণ ছিল। বাধ্য হয়েই তারা জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করছিল।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম জানান, পাঠদানের বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় এই ঝুঁকিপূর্ণ ভবনেই শিক্ষা কার্যক্রম চালাতে হচ্ছে। এ বিষয়ে উপজেলা ও জেলা পর্যায়ের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে একাধিকবার লিখিতভাবে জানানো হলেও এখন পর্যন্ত কোনো প্রতিকার পাওয়া যায়নি। আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে রায়পুর উপজেলা শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, ‘বিদ্যালয়টি ঝুঁকিপূর্ণ থাকার বিষয়টি আমাদের জানানো হয়েছিল এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তা অবহিত করেছি। তবে প্রয়োজনীয় বরাদ্দ না থাকায় ভবনটি সংস্কার বা নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া সম্ভব হয়নি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *