কোনো ভুল হয়ে থাকলে আমরা সংশোধন করতে প্রস্তুত : সংসদে হাসনাত

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এই সংসদে আমি এসেছি ২৭ বছর বয়সে। আর স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে এসেছেন ১৯৯১ সালে। আমি জন্ম নিয়েছি ১৯৯৮ সালে। তাই কনভেনশনাল কোনো ভুল হয়ে থাকলে আমরা তা সংশোধন করতে প্রস্তুত।

আজ সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন।

এর আগে তরুণ সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ‘সাহেব’ বলে অবহিত করেন। এর পরিপ্রেক্ষিতে হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সংসদে সবাইকে সংসদীয় নিয়ম মেনে একে অপরকে সম্বোধন করতে হবে। তিনি বলেন, ‘বয়স যা-ই হোক, সংসদ সদস্য হিসেবে যথাযথভাবে সম্বোধন করতে হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদে আসাটা একটি গৌরবের বিষয়। এ সময় তরুণ সংসদ সদস্যদের জন্য তিনি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

পুলিশের বাজেট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের কার্যক্রম আরও দক্ষ ও দুর্নীতিমুক্ত করতে বাজেট বাড়ানোর প্রয়োজন রয়েছে। তিনি জানান, আগামী বাজেট অধিবেশনে পুলিশের বাজেট বৃদ্ধির জন্য অর্থমন্ত্রীর কাছে প্রস্তাব দেওয়া হবে।

মন্ত্রী বলেন, এটা সত্য, পুলিশের যে পরিমাণ রিসোর্স ও বাজেট দরকার, আমাদের অর্থনীতি অনেক সময় সেই পরিমাণ দিতে পারে না। তবে আমরা যদি একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক পুলিশি ব্যবস্থা গড়ে তুলতে চাই, তাহলে তাদের ‘ম্যানেজ করার’ সংস্কৃতি থেকে বের করে আনতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *