কেরাণীগঞ্জে অগ্নিকাণ্ড : ইমান উল্লাহ তিনদিনের রিমান্ডে

ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনার করা মামলায় আসামি ইমান উল্লাহকে তিনদিন রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার (৬ এপ্রিল) ঢাকা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ এই আদেশ দেন।

ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) রফিকুল ইসলাম আসামিকে হাজির করে ১০ দিন রিমান্ডে নিতে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আসামিকে কারাগারে প্রেরণ করে আজ রিমান্ড শুনানির দিন নির্ধারণ করেন। সেই হিসেবে আজ আদালতে আসামিকে হাজির করা হলে তার উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয়।

গতকাল রোববার (৫ এপ্রিল) দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী এলাকা থেকে ইমান উল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ৪ এপ্রিল দুপুরে কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকার একটি গলিতে ‘মেসার্স এসার গ্যাস প্রো’ নামে একটি গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্য অনুসারে, কারখানায় মজুত দাহ্য পদার্থ থেকেই আগুনের সূত্রপাত। এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে এবং আরও কয়েকজন দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

এজাহার থেকে জানা গেছে, ৮-১০ বছর ধরে অবৈধভাবে ওই কারখানাটির কার্যক্রম চলছিল। সেখানে ৫০-৬০ জন শ্রমিক কাজ করতেন, যার মধ্যে নারী ও শিশুও ছিল।

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল রানা তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন। অন্য দুই আসামি হলেন— কারখানার মালিক আকরাম উল্লাহ আকরাম এবং তার ছেলে আহনাফ আকিফ আকরাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *