কুমিল্লা নামে বিভাগ চাইলেন খন্দকার মোশারফ হোসেন

জাতীয় সংসদে দাঁড়িয়ে ‘কুমিল্লা’কে কুমিল্লা নামেই বিভাগ করার দাবি জানিয়েছেন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

আজ সোমবার (৬ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে দাঁড়িয়ে এ দাবি জানান ড. মোশাররফ।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, কুমিল্লা অত্যন্ত ঐতিহাসিক জেলা। লেখাপড়া, শিক্ষা ও সাংস্কৃতিক দিক দিয়ে কুমিল্লা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিবেচনায় কুমিল্লায় বিভাগ করার ব্যাপারে বেশ আগে থেকেই নানা রকমের জল্পনা-কল্পনা চলছে।

মোশাররফ হোসেন বলেন, বিগত স্বৈরাচারী সরকারও ঘোষণা করেছিল কুমিল্লায় বিভাগ করবে। তবে অন্য নামে, কুমিল্লা নামে নয়। তিনি বলেন, কুমিল্লায় নাকি এমন সব ব্যক্তিরা জন্মগ্রহণ করেছেন এবং ‘কু’ নাকি অত্যন্ত খারাপ শব্দ। সেজন্য বিভাগ করবেন কিন্তু কুমিল্লার নামে করবেন না। সেখানে কুমিল্লার জনগণ, দলমত নির্বিশেষে প্রতিবাদ জানিয়েছে এবং বিগত সরকার বাধ্য হয়ে বলেছিল সমাধান দেবেন, কিন্তু সমাধান দিয়ে যাননি। তাই আজ পার্লামেন্টে (জাতীয় সংসদ) (বিভাগের দাবি) বাস্তবায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *