ছবি: সংগৃহীত
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার কিশোরী মেয়ে কিম জু এইকে দেশটির ক্ষমতার উত্তরসূরি হিসেবে প্রস্তুত করছেন বলে দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতারা জানিয়েছেন। এছাড়া তিনি নীতিনির্ধারণের ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা নিচ্ছেন।দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস (এনআইএস) জানিয়েছে, তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কিম জু এই ওয়র্কার্স পার্টির আসন্ন বৈঠকে অংশ নেন কি না, কোথায় অবস্থান পান এবং কোনো আনুষ্ঠানিক পদবি গ্রহণ করেন কি না। আইনপ্রণেতা লি সেওং-কুয়ুন জানিয়েছেন, তিনি এখন কার্যত অভ্যন্তরীণভাবে উত্তরসূরি হিসেবে মনোনীত হওয়ার পর্যায়ে পৌঁছেছেন।
রাষ্ট্রীয় গণমাধ্যমে ক্রমেই বেশি গুরুত্ব পাচ্ছেন কিম জু এই। তাকে বাবার সঙ্গে অস্ত্র কর্মসূচি পরিদর্শন এবং বিভিন্ন মাঠপর্যায়ের নির্দেশনা কার্যক্রমে দেখা যাচ্ছে। এনআইএসের বিশ্লেষকরা মনে করেন, তাকে দেশটির চতুর্থ প্রজন্মের নেতা হিসেবে প্রস্তুত করা হচ্ছে এবং কার্যত দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে বিবেচনা করা হচ্ছে।