ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার রেলস্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক তরুণীর (২৫) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টার দিকে স্টেশনের প্রায় ৪৫০ গজ দক্ষিণে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই তরুণী দীর্ঘ সময় ধরে রেললাইনের পাশে দাঁড়িয়ে ছিলেন। ট্রেন আসার সময় হলে তাকে রেললাইনের ওপর অবস্থান নিতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের ধারণা, তিনি পরিকল্পিতভাবেই ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন।
বারোবাজার রেলওয়ে স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ‘চিত্রা এক্সপ্রেস’ ট্রেনটি সকাল ১০টার কিছু সময় পর বারোবাজার স্টেশনে পৌঁছানোর আগেই এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক আলামত দেখে মনে হচ্ছে, মেয়েটি আত্মহত্যা করে থাকতে পারেন।
মোবাশ্বের হোসেন আরও জানান, ঘটনাটি ইতোমধ্যে রেলওয়ে পুলিশকে (জিআরপি) জানানো হয়েছে।