ভিয়েতনামের বিপক্ষে ফুটবলে হারের পরদিন আরচারি থেকে এল এক দারুণ সুসংবাদ। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান আর্চারি টুর্নামেন্টে ভিয়েতনামের দাপট থামিয়ে স্বর্ণ জিতেছে বাংলাদেশ।
আজ শুক্রবার (২৭ মার্চ) সকালে টুর্নামেন্টের কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন লাল-সবুজের আর্চাররা।
ফাইনালে বাংলাদেশের তিন আর্চার হিমু বাছাড়, রাকিব নেওয়াজ ও ঐশ্বর্য শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন। দলগত এই লড়াইয়ে বাংলাদেশের সংগ্রহ ছিল ২৩১ পয়েন্ট। বিপরীতে ভিয়েতনাম করতে পেরেছে ২২৫ পয়েন্ট। ৬ পয়েন্টের ব্যবধানে প্রতিপক্ষকে হারিয়ে উৎসবের উপলক্ষ এনে দেন হিমু-রাকিবরা।
গত বছর এই টুর্নামেন্টের রিকার্ভ ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন আব্দুর রহমান আলিফ। তবে এবারের আসরে একক কিংবা মিশ্র—কোনো ইভেন্টেই সেমিফাইনালে পৌঁছাতে পারেনি বাংলাদেশ। সেই আক্ষেপ ঘুচিয়ে দিল কম্পাউন্ড দল। সাধারণত রিকার্ভ ইভেন্টে বাংলাদেশের সাফল্য বেশি থাকলেও, ফেডারেশন এখন কম্পাউন্ড বিভাগেও বাড়তি গুরুত্ব দিচ্ছে।