যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানলে বিপর্যস্ত পরিস্থিতি তৈরি হয়েছে। প্রবল বাতাসের দ্রুত ছড়িয়ে পড়া এই দাবানলের কারণে বহু বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। এছাড়া একটি কমিউনিটি কলেজ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
‘স্প্রিংস ফায়ার’ নামে পরিচিত এ দাবানলটি স্থানীয় সময় শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে রিভারসাইড কাউন্টির মোরেনো ভ্যালি শহরের পূর্বে শুরু হয়। সন্ধ্যার মধ্যে আগুন প্রায় সাড়ে ৬ বর্গমাইল এলাকায় ছড়িয়ে পড়ে। খবর নিউইয়র্ক পোস্টের।
আগুন লাগার কারণ এখনও তদন্তাধীন রয়েছে। কতগুলো পরিবারকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
দমকলকর্মীরা হেলিকপ্টার, ফায়ার ইঞ্জিন ও পানিবাহী ট্যাংকার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। শুক্রবার রাতের দিকে আগুন আংশিকভাবে নিয়ন্ত্রণে আসতে শুরু করে বলে জানানো হয়েছে।
এদিকে আগুনের কারণে বায়ুদূষণ বেড়ে যাওয়ায় মোরেনো ভ্যালি কলেজের প্রধান ক্যাম্পাস শুক্রবার ও শনিবারের জন্য বন্ধ রাখা হয়েছে। শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের দ্রুত ক্যাম্পাস ত্যাগের নির্দেশ দেওয়া হয়।
ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান রাউল রুইজ জানিয়েছেন, তিনি পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং যেসব এলাকা থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, সেখান থেকে বসবাসকারীদের দ্রুত স্থান ত্যাগের আহ্বান জানিয়েছেন।
আবহাওয়া দপ্তর সতর্ক করে জানিয়েছে, সান বার্নার্ডিনো ও রিভারসাইড কাউন্টিতে ঘণ্টায় সর্বোচ্চ ৫০ মাইল বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে, যা আগুন আরও ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়াচ্ছে। পাশাপাশি গাছের ডাল ভেঙে পড়া ও বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কাও রয়েছে।