এক ঘণ্টায় ইসরায়েলে ৩০ ক্ষেপণাস্ত্র-রকেট হামলা হিজবুল্লাহর

উত্তর ইসরায়েল লক্ষ্য করে নতুন করে ব্যাপক হামলা শুরু করেছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আজ বুধবার (২৫ মার্চ) ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, গত এক ঘণ্টায় লেবানন থেকে অন্তত ৩০টি রকেট ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে নিক্ষেপ করা হয়েছে। খবর আলজাজিরার। 

এই হামলার ফলে উত্তর ইসরায়েলের বিস্তীর্ণ এলাকা জুড়ে সাইরেন বেজে ওঠে এবং জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে সাফেদ শহর ও এর আশপাশের এলাকায় দফায় দফায় সতর্কসংকেত জারি করা হয়।

ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। বেশ কিছু প্রজেক্টাইল মাঝআকাশে ধ্বংস করা হয়েছে। তবে কিছু রকেট খোলা জায়গায় বা জনবসতির কাছে আঘাত হেনেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

হিজবুল্লাহর পক্ষ থেকে এই হামলার দায় স্বীকার করে বলা হয়েছে। তারা সাফেদ শহরের কাছে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর উত্তর কমান্ডের সদর দপ্তর ‘দাদো‘ ঘাঁটিকে লক্ষ্য করে এই রকেটগুলো ছুড়েছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি আগ্রাসন ও ইরানের ওপর সাম্প্রতিক হামলার প্রতিবাদে এই প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তারা দাবি করেছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ উত্তর সীমান্তের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে। অন্যদিকে, ইসরায়েলি বিমানবাহিনীও লেবাননের ভেতরে হিজবুল্লাহর সম্ভাব্য অবস্থানগুলো লক্ষ্য করে পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *