একদিনে সোনার দাম বাড়ল সাড়ে ৬ হাজার টাকা

দেশের বাজারে ছয় ঘণ্টার ব্যবধানে সোনার দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বাড়ানো হয়েছে ৪ হাজার ৪৩৩ টাকা। এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা।

শনিবার (২৮ মার্চ) বিকেলে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। নতুন এই দাম আজ বিকেল ৪টা থেকে কার্যকর হয়েছে।

এর আগে, টানা সাত দফা সোনার দাম কমানোর পর আজ সকালে দাম বাড়ায় বাজুস। সকাল ১০টা থেকে ভালো মানের এক ভরি সোনার দাম বাড়ানো হয় ২ হাজার ১৫৭ টাকা। এই দাম বাড়ানোর ছয় ঘণ্টার ব্যবধানে এখন আবার দাম বাড়ানো হলো। এর ফলে একদিনে সোনার দাম বেড়েছে ৬ হাজার ৫৯০ টাকা।

এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৪৩৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৪ হাজার ১৪০ টাকা বাড়িয়ে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ৬১৬ টাকা বাড়িয়ে নতুন দাম এক লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৯১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৬০ হাজার ৮৪৭ টাকা।

এর আগে, আজ সকাল ১০টা থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৭ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকা নির্ধারণ করা হয়।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *